বাংলাদেশের নির্বাচন ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর
By Newslab Admin
Updated
8 views
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অনুষ্ঠিত এই নির্বাচন আন্তর্জাতিক গণমাধ্যমেরও বিশেষ নজরে রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটাররা দলে দলে কেন্দ্রে আসছেন। এখন পর্যন্ত বড় ধরনের সংঘাতের কোনো খবর পাওয়া যায়নি। অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং পর্যবেক্ষকরাও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‘জেন জি’ অভ্যুত্থানের পর ঐতিহাসিক এই নির্বাচনে ভোট দিচ্ছেন বাংলাদেশের জনগণ। দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচনটি গুরুত্বপূর্ণ বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসানের পর বাংলাদেশে এটি প্রথম নির্বাচন। এবারের নির্বাচনে তরুণ ভোটাররা বড় ভূমিকা রাখতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এনবিসি শিরোনাম করেছে, ‘জেন জি’ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পতনের পর বাংলাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই ধরনের মূল্যায়ন করেছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে, যারা নির্বাচনটিকে দেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ২০২৪ সালের অভ্যুত্থানের পর এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা এবং ‘মুক্তির দিন’ হিসেবে বিবেচিত হতে পারে।
অন্যদিকে, এনডিটিভি জানিয়েছে, ভোট চলাকালে ঢাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে।