হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে হামলা, বিটিভি রিপোর্টারসহ আহত ৩০
By Newslab Admin
Updated
10 views
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় বিটিভির এক রিপোর্টারসহ এনসিপির প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রের বাইরে এসব হামলার ঘটনা ঘটে। চরঈম্বর বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে হান্নান মাসুদের গাড়িবহরে থাকা বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় মিরাজ উদ্দিনের মাথা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবকেও পিটিয়ে আহত করা হয়।
একই ধরনের হামলার ঘটনা ঘটে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওচখালী বাজার এলাকায়। সেখানে হান্নান মাসুদের সমর্থক আব্দুল কাদের এবং তার ছেলে মো. ফয়সালের ওপর হামলা চালানো হয়।
এ ছাড়া বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নেও হামলার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে প্রায় ৩০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আহতদের দেখতে হাসপাতালে যান হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী। তিনি আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় বিভিন্ন স্থানে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং বিষয়টি নিয়ে এনসিপির পক্ষ থেকে পরে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান।
হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক শামছুল তিব্রিজ অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় হামলার ঘটনা ঘটেছে। আহতদের কেউ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আবার যানবাহনের সংকটের কারণে অনেককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। নির্বাচনী দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।