শেরপুরে ব্যালট বই ছিনতাই করে ধানের শীষে সিল, আটক ২
By Newslab Admin
Updated
4 views
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে শেরপুর সদর আসনের একটি ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা বাহিনী এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন মাসুদ মিয়া ও বিল্লাল হোসেন। ভ্রাম্যমাণ আদালত মাসুদ মিয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। বিল্লাল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, সকাল প্রায় ১০টার দিকে কয়েকজন ব্যক্তি হঠাৎ ওই কেন্দ্রের তিনটি কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনতাই করে নিয়ে যান। এর মধ্যে দুটি বই জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ছিল।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুটি ব্যালট বই উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যালট পেপারের অনেকগুলোতে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া ছিল। প্রায় এক ঘণ্টা পর গণভোটের ব্যালট বইটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় এক ঘণ্টা ভোট বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।